নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ ৩১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টায় রাজশাহীর বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মো: ইউসুফ আলী; আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মো: হারুন অর রশীদ; রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার মো: শামীম হোসেন; রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মো: শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আরএমপি পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে কাজী নজরুল ইসলামের বহুমুখী প্রতিভা ও সামাজিক অবদানের কথা তুলে ধরে বলেন, নজরুল শুধু কবি নন-তিনি ছিলেন সুরকার, গীতিকার, সাংবাদিক, সম্পাদক ও সৈনিক। তাঁর সাহিত্য ও জীবনাদর্শে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা রয়েছে। তিনি বলেন, বর্তমান সমাজে অসহিষ্ণুতা, পরমতসহিষ্ণুতার অভাব, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘাত, অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা ও মাদকাসক্তি সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। এসব নেতিবাচক প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে নজরুলের সাম্য ও মানবতার চেতনা ধারণের পাশাপাশি মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার কমিয়ে বই পড়া, সাহিত্যচর্চা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নজরুলের আদর্শ অনুসরণ করে ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িকতা ও বৈষম্য দূর করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।