উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মসজিদে নামাজরত অবস্থায় আপন ভাইকে কুপিয়ে হত্যা: ২০ দিনেও অধরা প্রধান আসামি, জনমনে ক্ষোভবরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় আপন ছোট ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ২০ দিন পার হলেও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।নিহত নজরুল সরদার (৪৫) একজন সৌদি প্রবাসী। গত ২১ জুন (রবিবার) দুপুরে উপজেলার গোলেরহাট মসজিদে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ও খাস জমি নিয়ে সরদার পরিবারের ভাইদের মধ্যে বিরোধ চলছিল। সৌদি প্রবাসী নজরুল সরদার ছুটিতে দেশে এসে বিরোধপূর্ণ বিষয়ে অপর এক ভাইয়ের পক্ষ নিলে বড় ভাই হারুন সরদার তার ওপর ক্ষিপ্ত হন। এরই জের ধরে ঘটনার দিন দুপুরে যোহরের নামাজের তৃতীয় রাকাত চলাকালীন হারুন সরদার ধারালো অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে অতর্কিতে নজরুলের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই নজরুলের মৃত্যু হয়।ঘটনার পরপরই অভিযুক্ত হারুন সরদার এলাকা থেকে পালিয়ে যান। হত্যাকাণ্ডের দীর্ঘ ২০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয় জনসাধারণের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সাফল্য মেলেনি।একটি পবিত্র স্থানে (মসজিদ) নামাজরত অবস্থায় এমন হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার অভাব রয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে মূল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।