উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
চট্টগ্রামের ৪ উপজেলায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী: ছুটি বাতিল জেলা প্রশাসনেরটানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। জেলার চারটি উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন।সর্বোচ্চ ঝুঁকিতে সাতকানিয়াসবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাতকানিয়া উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে। ডলু নদীর বাঁধ ভেঙে পৌরসভা ও রামপুর এলাকায় পানি প্রবেশ করায় পরিস্থিতি নাজুক আকার ধারণ করেছে। সেখানে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী।দুর্গতদের সহায়তায় ৮৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে ঝড়ে গাছপালা পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের কারণে উদ্ধারকাজ ও তথ্য আদান-প্রদানে বেগ পেতে হচ্ছে।বাঁশখালী: উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে পুঁইছড়ি, নাপোড়া, ছনুয়া, সরল, শেখের খীল, বৈলছড়ী ও কাথারিয়া ইউনিয়নের অবস্থা সবচেয়ে খারাপ। এখানে প্রায় ৩৮ হাজার মানুষ পানিবন্দী।চন্দনাইশ: হাশিমপুর ও জোয়ারা ছাড়া উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে প্রায় ১৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।লোহাগাড়া: সাঙ্গু ও ডলু নদী সংলগ্ন আমিরাবাদ, আধুনগর, পদুয়া ও লোহাগাড়া ইউনিয়নে পানি বেশি জমেছে। এর মধ্যে আমিরাবাদ ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর দোহাজারী পয়েন্টে পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঙ্গু, ডলু ও হাঙ্গর খালের পানি বৃদ্ধি পাওয়ায় ভাটি এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ছে।জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন, সাতকানিয়ার উদ্ধারকাজে গতি আনতে ১০টি স্পিডবোট চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে নৌকার সাহায্যে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।দুর্গতদের খাদ্যসহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউএনওদের চাহিদার ভিত্তিতে এই ত্রাণ দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২২৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও এদিন বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।