উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
হিজলায় থামেনি নদী রক্ষা বাঁধের কাজ: জিও ব্যাগ ফেলা শেষ, চলছে ব্লক নির্মাণের কাজ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকা রক্ষায় মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কাজ বন্ধ থাকার গুজবের মুখে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পের নদী তীরবর্তী অংশে জিও ব্যাগ ফেলার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বর্তমানে নদীর দুই পাড়ের মাঠে পুরোদমে চলছে কংক্রিট সিসি ব্লক তৈরির কাজ।চলতি বর্ষা মৌসুম সত্ত্বেও নির্মাণকাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে নদীর দুই পাড়ের দুইটি মাঠে নিয়মিত ব্লক তৈরির কাজ অব্যাহত রেখেছেন কর্মীরা।সম্প্রতি কিছু গণমাধ্যমে হরিনাথপুর এলাকা রক্ষা বাঁধ নির্মাণের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে নির্মাণকারী প্রতিষ্ঠান ‘র্যাংকস কনস্ট্রাকশন কোম্পানি’র প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রামাণিক জানান, প্রকাশিত সংবাদটি সঠিক নয়।তিনি বলেন, "২০২৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রকল্পের কাজ এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি, বরং নিরবচ্ছিন্নভাবে অগ্রগতি চলমান রয়েছে।" তিনি আরও আশ্বাস দেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই এবং আগামী বছরের মধ্যে বাঁধ নির্মাণের সম্পূর্ণ কাজ সফলভাবে শেষ হবে।প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলায় মেঘনার ভয়াবহ ভাঙন থেকে হরিনাথপুর ইউনিয়নের বসতভিটা, বাজার ও ফসলি জমি রক্ষার নতুন আশা দেখছেন স্থানীয় এলাকাবাসী।