উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
আইনজীবী হিসেবে লড়বেন নির্যাতিত নারীদের পক্ষে , মেহেন্দিগঞ্জের নারী ফাতেমা আক্তার সাথী:সমাজসেবা, নারী অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক 'সেরা জয়িতা' সংবর্ধনা ও সম্মানে ভূষিত হয়েছেন ফাতেমা আক্তার সাথী। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা ১নং ওয়ার্ডের এই সন্তান দীর্ঘকাল ধরে মেহেন্দিগঞ্জ ও আশপাশের অঞ্চলের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।২০০৯ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৭ বছর (২০০৯–২০২৬) ধরে সাথী মেহেন্দিগঞ্জ উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিয়ে রোধ, গণশিক্ষা বিস্তার, ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, খাদ্য ও পুষ্টি, টিকাদান কর্মসূচি, গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা এবং খানা জরিপ নিয়ে কাজ করছেন। তাঁর এই মানবসেবামূলক কর্মকাণ্ডের জন্য ইতিপূর্বে বিভিন্ন বেসরকারি সংস্থাও তাঁকে ৩ বার সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে।ফাতেমা আক্তার সাথী তাঁর সাহসিকতা ও জনমুখী কর্মকাণ্ডের জন্য ব্যাপক আলোচিত হন ২০২৪ সালে। ঢাকা-কালিগঞ্জ-ইলিশা ১০৯ কিলোমিটার দীর্ঘ নৌ রুটে ভাড়া বৈষম্য নিরসনের লক্ষ্যে তিনি জোরালো ভূমিকা পালন করেন এবং যাত্রীদের ভাড়া ৩০০ টাকায় নামিয়ে আনতে সক্ষম হন। তাঁর এই পদক্ষেপের ফলে ভোলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় ১০ লক্ষ সাধারণ মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। এই ঐতিহাসিক ও সাহসী উদ্যোগের জন্যই সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর তাঁকে 'সেরা জয়িতা' খেতাবে ভূষিত করে।সাথীর মানবিক কাজের তালিকা এখানেই শেষ নয়। প্যারালাইসড ফিরোজা বেগমসহ অসংখ্য দূরারোগ্য রোগে আক্রান্ত ও অসহায় মানুষের সরকারি উপায়ে চিকিৎসার ব্যবস্থা করতে তিনি সরকারি সমাজসেবা অধিদপ্তর থেকে সহযোগিতা এনে দিচ্ছেন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অসহায়, দরিদ্র কিডনি, হার্ট, লিভারসহ জটিল ৭টি রোগে আক্রান্ত রোগীদের সমাজসেবা থেকে জনপ্রতি ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি, যার সুফল ইতিমধ্যে অনেকেই পেয়েছেন। এছাড়া এলাকার অসহায় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও গর্ভবতী নারীদের নিজ খরচে অফিসে এনে ভাতা ও কার্ড নিশ্চিত করার কাজেও তিনি সর্বদা সক্রিয়।সম্প্রতি বহুল আলোচিত লিভারজনিত রোগে আক্রান্ত তানতার চিকিৎসার পুরো দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন এই নারী। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তিনি তানতার চিকিৎসার জন্য নগদ প্রায় ১,৫০,০০০ (এক লক্ষপঞ্চাশ হাজার) টাকা তুলে দিয়েছেন। পাশাপাশি ক্যানসার ফাউন্ডেশন থেকেও তাঁর চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ শেষে ঢাকা সিএমএম (CMM) কোর্টে জুনিয়র হিসেবে কর্মরত ফাতেমা আক্তার সাথী এবার তাঁর নতুন সামাজিক সংগ্রামের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সমাজ থেকে নির্যাতিত নারী, শিশু ধর্ষণ ও বলাৎকার পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তিনি আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবেন এবং অসহায়দের পক্ষে তাঁর এই ন্যায়বিচারের লড়াই চলবে।